‘ইনফান্তিনোকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৩:৩১

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা ফাঁসের পর থেকেই চাপ আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনা থেকে সরে এলেও এখনও সামালোচনায় বিদ্ধ হচ্ছে তিনি। এবার ইনফান্তিনোকে পদত্যাগ করতে বললেন ফরাসি ফুটবল গ্রেট ও সাবেক উয়েফা প্রধান মিচেল প্লাতিনি।

ক্যানাল-কে মিচেল প্লাতিনি বলেন, ‘অর্থনৈতিক বিষয় এক জিনিস, কিন্তু ইনফান্তিনো ব্যর্থ হয়েছেন কারণ তিনি ফুটবলের নিয়মের একজন রক্ষক এবং সেগুলোকে সম্মান করেননি।’

এছাড়া বিশ্বকাপ চলাকালে হাইড্রেশন ব্রেক এবং ফাইনালে ৩০ মিনিটের হাফটাইম বিরতিরও সমালোচনা করেছেন প্লাতিনি। তিনি বলেন, ‘বিজ্ঞাপন বিরতি কোনো নিয়ম নয়, ফাইনালে ৩০ মিনিটের হাফটাইম বিরতিও নিয়মের মধ্যে পড়ে না। আর সেই লাল কার্ড, সেটা ছিল আরও বাজে বিষয়।’

ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে সাবেক উয়েফা প্রধান বলেন, ‘তিনি রক্ষক (নিয়মের), যেগুলোকে তিনি পাত্তা দেন না, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

ইনফান্তিনোকে অর্থ ও ক্ষমতালোভী উল্লেখ করে প্লাতিনি বলেন, ‘ক্রীড়া প্রতিষ্ঠানগুলো এই সমস্যার সমাধান করে তাকে নিচে নামাতে পারবে না। উয়েফা যদি তার বিদায় চায়, তাহলে সেটা করতে হবে আদালতের মাধ্যমে। আমি সবসময় জানতাম তিনি অর্থ ও ক্ষমতা ভালোবাসতেন।’

২০১৫ সালে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন প্লাতিনি। ওই সময় তিনি উয়েফার প্রেসিডেন্ট ছিলেন। সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার প্রধানের দায়িত্বে চোখ ছিল তার। ফরাসি গ্রেটকে অবৈধভাবে ২ মিলিয়ন ডলার দেওয়ার অভিযোগ উঠেছিল ব্লাটারের বিরুদ্ধে। ২০২৫ সালে প্লাতিনি নিজেকে নির্দোষ দাবি করলেও ওইসময় পদত্যাগ করেন।

ইত্তেফাক/জেডএইচ