সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া দুই দিনের রিমান্ডে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৫২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখার সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান।

তদন্তে জানা গেছে, আসামি কেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় নেত্রী এবং আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজত থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং ককটেল সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে কেয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

 
ইত্তেফাক/এসএ