আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা যথাযথ হবে না বলে মনে করে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এ মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তাঁকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ভারত কীভাবে দেখছে? জবাবে রবীশ কুমার বলেন, আমাদের মতে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের মন্তব্য করা যথাযথ হবে না। বাংলাদেশকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু দেশ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, দু’দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক’ ছাড়িয়ে নতুন পর্যায়ে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ১৯৭১ সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মরণে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত খবরে এ কথা বলা হয়েছে। জেএনইউ ও ইন্ডিয়া ফাউন্ডেশন (একটি থিঙ্ক ট্যাংক) যৌথভাবে আয়োজিত সেমিনারে মুয়াজ্জেম আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ নির্মাণের লক্ষ্যে কাজ করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের আন্তরিক সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
