রাজস্থলীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৪:২২

রাঙামাটির রাজস্থলীতে সেনাসদস্য নিহতের ঘটনায় রাজস্থলী-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কে যৌথবাহিনীর বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে।

রবিবার বিকেল থেকেই রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীরের নির্দেশে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সোমবার ভোর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েত কাওছারের নেতৃত্বে কাপ্তাই, চন্দ্রঘোনা ও রাজস্থলী এলাকায় টহল, ৭টি অস্থায়ী চেকপোস্ট ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাওছার বলেন, ‘সেনাবাহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার কারণে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিকেল থেকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। ৭টি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান। তবে এখনো কাউকে আটক করা যায়নি।’

রবিবার সকালে সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে সেনাসদস্য মো. নাসিম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইত্তেফাক/এমআরএম