গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরাবী (১২) নামে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টায় উপজেলা সদরের পশ্চিমপাড়ায় সাদুল্লাপুর-মাদরারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। পরিবারসহ তিনি সাদুল্লাপুর উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
আহত আরাবী নিহত গোলাম রব্বানীর ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোলাম রব্বানী তার ছেলে আরাবীকে সাথে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের পশ্চিমপাড়াস্থ একটি মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি ও তার ছেলে সড়কে ছিটকে পরেন। পরে বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান এবং ছেলে আরাবী আহত হয়।
সাদুল্লাপুর থানার এস আই আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

