প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত। আগামী বছরের ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে। 

নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাইয়ের আইসিসির বার্ষিক সম্মেলনে লঙ্কানরা জানিয়েছে, আইসিসির নির্ধারিত সংস্কার কার্যক্রম এখনো চলমান আছে। এ জন্য শ্রীলঙ্কা থেকে ভারতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, আগামী বছরের ১৪-২৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। 

ছয় দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া ও ভাদোদারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম আসরে স্বাগতিক ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা অংশ নেবে।

লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ ফেব্রুয়ারির ফাইনালে খেলবে।

ইত্তেফাক/জেডএইচ