ভোলায় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭

ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। জব্দ সার ও ট্রলার থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলার বৈধভাবে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার দাবি করেন।

কোস্টগার্ড জানায়, ভোলার তজুমুদ্দিন থানার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত শনিবার বিকালে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এসময় বহনকারীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মালামাল ও  স্টিল বডি ট্রলার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তজুমদ্দিনে পাঠানো হয়েছে।

এদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, গত শুক্রবার চরমোজাম্মেল এর কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছে। তারা একত্রিত হয়ে একসাথে সারগুলো একটি স্টিলবডি বোট দিয়ে বহন করছিল। চরের মুক্তিযোদ্ধা বাজারের ঘাট থেকে কোস্টগার্ড জব্দ করেন। যার ক্যাশমেমো সংরক্ষিত আছে। তবে কোস্টগার্ড দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে গিয়েছিল। 

তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। জব্দ সার ও ট্রলার থানা হেফাজতে রাখা হয়েছে।

ইত্তেফাক/এপি