জিব্রাল্টার ছেড়ে গেল ইরানি ট্যাংকার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০২

তেহরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগর থেকে আটক ইরানি তেলবাহী ট্যাংকারটি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে জিব্রাল্টার। ইরানি ওই জাহাজটিকে ফের আটক করার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ব্রিটিশনিয়ন্ত্রিত অঞ্চলটি তা প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর রবিবার রাতে জাহাজটি জিব্রাল্টার ছেড়ে যায়। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে এমনটি জানা গেছে।

স্থানীয় সময় রবিবার রাত প্রায় ১১টার দিকে এড্রিয়ান দরিয়া ওয়ান জিব্রাল্টার ছেড়ে যায় বলে আন্তর্জাতিক অর্থবাজার ও অবকাঠামোগত তথ্য সরবরাহকারী কোম্পানি রিফিনিটিভের প্রকাশ করা তথ্যে দেখা গেছে। ট্যাংকারটির গ্রিসের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েইদিনেজাদ এক টুইটে রবিবার রাতে জাহাজটি জিব্রাল্টার ছাড়তে পারে বলে জানিয়েছিলেন। ট্যাংকারটিকে পাহারা দেওয়ার দরকার হলে নিজেদের নৌবাহিনী পাঠাতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান।

রবিবার সকালে সংবাদমাধ্যমে আসা ভিডিও ও বিভিন্ন ছবিতে দেখা গেছে, জাহাজটির সামনের অংশে ‘গ্রেস ওয়ান’ লেখা কালো রঙ দিয়ে মুছে সেখানে সাদা রঙে নতুন নাম ‘এড্রিয়ান দরিয়া ওয়ান’ লেখা হয়েছে ও ট্যাংকারটিতে ইরানি পতাকা উড়ছে।  বৃহস্পতিবার ট্যাংকারটির আটকের মেয়াদ শেষ হলেও শুক্রবার ওয়াশিংটনের একটি আদালত ট্যাংকারটিকে আটক করতে একটি পরোয়ানা জারি করেছিল। রবিবার জিব্রাল্টার জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মানতে বাধ্য থাকায় যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখা তাদের পক্ষে সম্ভব নয়।

২১ লাখ ব্যারেল তেল বহনকারী ইরানি সুপার ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ৪ জুলাই ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালি থেকে সেটি আটক করেছিল। তারপর থেকে আটক অবস্থায় নিকটবর্তী জিব্রাল্টারের উপকূলে জাহাজটি নোঙর করেছিল। জিব্রাল্টার উপকূলে থাকার সময়েই ট্যাংকারটির নাম ‘গ্রেস ওয়ান’ পরিবর্তন করে ‘এড্রিয়ান দরিয়া ওয়ান’ রাখা হয়।