এক বছর নিষিদ্ধ শাহজাদ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০৫

আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আগামী এক বছর সব ধরনের ক্রিকেটের বাইরে থাকবেন। কারণ দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শৃঙ্খলা ভঙ্গের কারণে এক বছরের জন্য সব ফরম্যাটে নিষিদ্ধ করেছে।

দেশের বাইরে যাওয়ার জন্য আফগানিস্তানে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে নিয়মিতই পাকিস্তানের পেশোয়ারে অবস্থান করেন শাহজাদ। সম্প্রতি তাকে সেখানে অনুশীলন করতে দেখা যায়।

এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘এসিবির নিজস্ব অনুশীলন ব্যবস্থা বেশ উন্নত মানের। তাই সেটার জন্য কোনো ক্রিকেটারকে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।’ গেল বছরও এই ব্যাপারে একবার শাহজাদকে সতর্ক করে দিয়েছিল এসিবি। কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ভবিষ্যতে এমন কিছু করলে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হবে তাকে। বিশ্বকাপের সময় থেকেই নানারকম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই আফগানি ক্রিকেটার। বিশ্বকাপের মাঝপথেই তাকে দেশে ফেরত পাঠানো হয় হাঁটুর ইনজুরির কারণে। যদিও, দেশে ফিরে তিনি দাবি করেন ষড়যন্ত্রের কারণেই বাদ পড়েছেন তিনি। মন্তব্য করেছিলেন, দলের কেউ নাকি তাকে রাখতে চায় না। শাহজাদের নিষেধাজ্ঞা এটাই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে ডোপ টেস্টে পজিটিভ আসায় এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।