কাঁঠালিয়ায় বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২২

কাঁঠালিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ. মো. তোফায়েল হাসান এ রায় দেন। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আলতাফ পলাতক ছিল।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, রিকশাচালক আলতাফ তার বাবা বারেক  খন্দকারকে জমি লিখে দিতে প্রায়ই চাপ দিত। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। ২০০৭ সালের ১০ এপ্রিল সন্ধ্যায় উত্তর চেঁঁচরীরামপুর বারেক খন্দকারের বাড়িতে ঘরোয়া বৈঠকে জমি ভাগ করে দেওয়ার জন্য চাপ দেয় আলতাফ। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলতাফ বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে বারেক খন্দকার অজ্ঞান হয়ে পড়লে অপর ছেলেরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ১৩ এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অপর ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।