শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার বিকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০০ জনকে আসামি করে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ঐ রাতেই উভয় পক্ষের চার জনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাত জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। শ্যামনগর থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে উভয় পক্ষের চার জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
