ইডিআই যন্ত্রের বেড়াজালে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য!

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২৩

ভারতের আগরতলা স্থলবন্দরের ইডিআই যন্ত্রের বেড়াজালে আটকা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। আগরতলা বন্দর কর্তৃপক্ষ ইডিআই যন্ত্র পরিচালায় ব্যর্থ হওয়ায় গত শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে আখাউড়া স্থলবন্দরে প্রায় ৩০টি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের সভাপতি মোবারক হোসেন জানান, গত কয়েক দিন আগে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আগরতলা স্থলবন্দরে ইডিআই (ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ) অর্থাত্ তথ্য আদান-প্রদান যন্ত্র স্থাপন করে। কিন্তু অনেক চেষ্টা করেও আগরতলা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ যন্ত্রটি পরিচালনা করতে পারেনি।

আখাউড়া শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় বলেন, রপ্তানি পণ্যের কাগজপত্র পরীক্ষা করে সকালেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের মাধ্যমে শুনেছি আগরতলা বন্দর কর্তৃপক্ষ ইলেকট্রনিক তথ্য আদান-প্রদান যন্ত্রের জটিলতার কারণে পণ্য গ্রহণ করছে না।