কমলাপুর রেল স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন করতে গিয়ে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, ঐ কিশোরীকে ধর্ষণের পর ওড়না দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিশোরীর নাম আসমা বেগম।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেল স্টেশনের ওয়াশপিটের (ট্রেন পরিষ্কার করার এলাকা) একটি পরিত্যক্ত বগির টয়লেট থেকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় আসমার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া গ্রামে, বাবার নাম আব্দুর রাজ্জাক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঢাকা রেলপথ থানার ওসির দায়িত্বে থাকা এসআই রুশো বণিক বলেন, সকালে ওয়াশপিট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে গিয়ে রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মীরা একটি পরিত্যক্ত বগির টয়লেটে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। আনুমানিক ১৭ বছর বয়সের কিশোরীর নাম আসমা। সে পঞ্চগড়ের একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলিম শ্রেণিতে ভর্তি হয়েছে। পরে ঢাকায় অবস্থানরত তার চাচা রাজু এসে লাশ শনাক্ত করেন।
এসআই রুশো বণিক আরো জানান, আমরা ধারণা করছি রবিবার সকালে আসমা তার বাঁধন নামে এক বন্ধুর সঙ্গে দ্রুতযান এক্সপ্রেসে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রবিবার রাত ১১টার দিকে ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে। এরপর ঐ কিশোরী কিভাবে ওয়াশপিট এলাকায় গেল—সে বিষয়ে কোনো তথ্য মিলছে না। এ ব্যাপারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যাবে। সে ধর্ষণের শিকার হয়েছে কি না—তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।
