কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম নামে এক পাম্প কর্মচারী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত সাত জন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যমুনা পরিবহনের একটি বাস (ঢাকা-জ-১১-০০১১) রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করার সময় আকস্মিকভাবে বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আট জন আহত হয়। আহতদের ছয় জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে খোরশেদ আলমকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় সে মারা যায়। দুর্ঘটনায় আহত অন্যরা হচ্ছেন—সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামের কামাল হোসেন, একই গ্রামের রাসেল, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের শরীফ, সদর উপজেলার বারপাড়া এলাকার সিফাত এবং নগরীর ঠাকুরপাড়া এলাকার আশিষ।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন যমুনা পরিবহনের অপর একটি বাসের চালক আহত কামাল হোসেন জানান, বাসটি যাত্রীবিহীন অবস্থায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করছিল। তারা পাম্পে অবস্থান করছিল। এ সময় ঐ বাসের গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
