সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

মৃত চার শিশু হলো, এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন সন্দেহভাজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া ১৬৪ শিশুর মধ্যে ১০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি ১৫৪ জনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে একদিনে নতুন করে ১৪৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

ইত্তেফাক/আইএ