ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজনের একজন রাশিদা খাতুন (৪২)। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
অন্যজন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা জাফর আলী (৭০)। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এআরডিএস, সেপসিস, সেপটিক শক ও ডিআইসি উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।

