সাভার ট্যানারিতে কাঁচা চামড়া বিক্রি শুরু আড়তদারদের

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:২১

গতকাল সোমবার থেকে ট্যানারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রি শুরু করেছেন আড়তদাররা। রবিবার সচিবালয়ে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ত্রিপক্ষিয় বৈঠকের পর গতকাল সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে ট্রাক বোঝাই কাঁচা চামড়া সরবরাহ শুরু হয়েছে। বকেয়া পাওনা ছাড়াই আড়তদাররা ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবে। আড়তদারদের বকেয়া প্রায় চারশ কোটি টাকা কীভাবে পরিশোধ করা হবে তা আগামী ২২ আগস্ট নির্ধারণ করবে এফবিসিসিআই।

এদিকে কাঁচা চামড়া ট্যানারিতে সরবরাহ করায় এখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। চামড়া না আসলে ট্যানারি মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সরকার, ট্যানারি মালিক ও আড়তদারদের মধ্যে সমঝোতার কারণে আবার ট্যানারিতে কর্মচাঞ্চল্য ফিরে আসায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি শিল্প হিসেবে ভবিষ্যতে যাতে চামড়া শিল্পে কোনো অস্থিরতা সৃষ্টি না হয় এবং শিল্পটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলে এজন্য চামড়া বোর্ড গঠন করার দাবি জানান তিনি।

ট্যানারি শ্রমিক রফিকুল ইসলাম বলেন, চামড়া না আসলে মালিকদের চেয়ে শ্রমিকদের সমস্যা বেশি হয়। আমরা বেকার হয়ে যাই এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ি। তাই যত দ্রুত সম্ভব ট্যানারি মালিকদের সাথে আড়তদারদের মধ্যকার সমস্যাটির স্থায়ী সমাধান করার দাবি জানান।