ভবনের নকশা অনুমোদনে অনিয়ম :কেডিএতে দুদকের অভিযান

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:২১

ভবনের নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চলে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, ‘নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় একটি ভবনের নকশা অনুমোদনে অনিয়ম হয়েছে। অনিয়মের মাধ্যমে নকশা নিয়েও সেই নকশা অনুযায়ী কাজ করা হয়নি। আমরা অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য নিয়েছি এবং ঘটনাস্থলে গিয়েছি। অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণাধীন ভবনের কোনো মিল নেই। নকশায় যেটুকু জায়গা ছাড়ার কথা ছিল তারা তা ছাড়েনি। ভবনের নকশা অনুমোদনের পর বিষয়টি মনিটরিংয়ের দায়িত্ব ছিল কেডিএর। তারা বিষয়টি মনিটরিং করেনি। নকশা অনুমোদনের বিষয়টি তদন্তে আরো সময় প্রয়োজন। আমরা কেডিএ চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সুপারিশ করেছি। এছাড়া প্রধান কার্যালয়ে অধিকতর তদন্তের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছি।’