‘সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশ’

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪৬

মুন্সীগঞ্জে রঘুরামপুরে বিক্রমপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সোমবার বোধিবৃক্ষ রোপণ করা হয়েছে। বাংলাদেশের প্রধান বৌদ্ধভিক্ষু ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষ রোপণ করেন। একই সঙ্গে বিক্রমপুর জাদুঘরের জন্য বাগেরহাটের খানজাহান আলী পুকুর থেকে উদ্ধার হওয়া ৭ম শতাব্দীর মূল্যবান ব্ল্যাক স্টোনের একটি বৌদ্ধ মূর্তি হস্তান্তর করা হয়। মূর্তিটি গ্রহণ করেন জাদুঘরটি পরিচালনার দায়িত্বে থাকা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ উল আলম লেনিন। 

এ উপলক্ষ্যে দুপুরে বৌদ্ধ বিহারের অফিস কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন শুদ্ধানন্দ মহাথের। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশ। এখানে সবাই মিলেমিশে কাজ করছে।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ উল আলম লেনিনের সভাপতিত্বে আরো অংশ নেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশের ডিআইজি পি আর বড়ুয়া, সহসভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহসভাপতি নন্দিতা বড়ুয়া, যুগ্ম সম্পাদক দেবাপ্রিয় বড়ুয়া, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার বড়ুয়া, সুমনা নন্দ ভিক্ষু ও করুণা নন্দ ভিক্ষু।

অগ্রসর বিক্রমপুরের কর্মকর্তাদের মধ্যে ছিলেন সহসভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, সাহিত্য আড্ডার প্রধান অধ্যাপক ঝরনা রহমান, মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান, কোষাধ্যক্ষ নাসিরউদ্দিন আহম্মেদ জুয়েল, টঙ্গীবাড়ি কেন্দ্রের সভাপতি বিমল পাল ও লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদস্য সায়লা তিথি ও সাংবাদিক মোজ্জাম্মেল হোসেন প্রমুখ। এ সময় দেশি-বিদেশি বৌদ্ধ ভিক্ষু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বৌদ্ধ বিহার ঘুরে দেখেন।