মৌলভীবাজারের কুলাউড়ায় রেলব্রিজে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ২৪ অক্টোবরের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে রেলওয়ের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এছাড়া রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের রেললাইন, রেলব্রিজ ও কালভার্ট অবিলম্বে মেরামত করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
গত ২৩ জুন কুলাউড়া উপজেলায় বরছড়া রেলব্রিজে দুর্ঘটনায় চার জন নিহত হন। ২৯ জুন একটি জাতীয় দৈনিকে ‘সেতুর কাছে ছয় মাসে সাতটি দুর্ঘটনা’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তাজুল ইসলাম।
