দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
বুধবা (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।
এদিকে একই সময়ে দেশে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৮২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছর এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

