ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

ব্যাক-টু-ব্যাক লেটার অব ক্রেডিট (এলসি বা ঋণপত্র)-এর আওতায় স্থানীয়ভাবে সরবরাহ করা পণ্যের বিল পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২৭০ দিন নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বিল পরিশোধ না করলে সংশ্লিষ্ট রপ্তানিকারককে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ দেওয়া যাবে না।

ইডিএফ ঋণের আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠানোর আগে এডি ব্যাংকগুলোকে স্থানীয় সরবরাহের বিলের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, গত ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইডিএফ ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানোর আগে এডি ব্যাংকগুলোকে ডিমড এক্সপোর্টারদের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হয়।

এদিকে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে ব্যাক-টু-ব্যাক আমদানি এলসি উস্যান্স ভিত্তিতে সর্বোচ্চ ২৭০ দিনের মেয়াদে খোলার সুযোগ দেওয়া হয়েছে।

আগের দুই নির্দেশনার মধ্যে সামঞ্জস্য আনতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির জন্য ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনার সময় স্থানীয়ভাবে সরবরাহ করা পণ্যের বিলের বকেয়া পরিস্থিতিও দেখতে হবে। ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি বকেয়া না থাকলে ইডিএফ অর্থায়নের আবেদন করা যাবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ইডিএফ ঋণ পরিচালনার বিষয়ে গত ২৩ জুলাই জারি করা সার্কুলার নম্বর ২৪-এর অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইত্তেফাক/এমএসআর