হংকংয়ে গত রবিবার শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। এতে ১০ লাখের বেশি বিক্ষোভকারী অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা। এরচেয়ে সরকারবিরোধী বড়ো ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আগেই হংকংয়ে বিক্ষোভের সমাধান করবে বেইজিং।
বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী দিনগুলোতে আরো বড়ো ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। ক্রিশ্চিয়ান এবং হিসাবরক্ষকরাও এই বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। হংকংয়ের সরকার রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। এজন্য জনগণের মধ্যে আলোচনা করে সামাজিক শৃঙ্খলা রক্ষার চেষ্টা চলছে। পরিস্থিতি শান্ত করতে জোর প্রচেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। হংকং সীমান্তে চীনা সেনাবাহিনী সতর্ক প্রহরায় রয়েছে বলে জানা গেছে। গতকাল বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলনে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তারা বলেছেন, এর ফলে বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার এক টুইটার বার্তায় বলেন, বাণিজ্য চুক্তির আগে চীন হংকংয়ের বিক্ষোভের শান্তিপূর্ণ সমাধান করবে বলে আশা করি। আর হংকং মানবিক দিকগুলোকে বিবেচনায় নেবে। তাহলে একটি মহত্ বাণিজ্য চুক্তি হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে।
