দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উপসর্গযুক্ত হাম নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৬ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি সময়ে নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা ১০০ জন।

