অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপের তারিখ তিনদিনের মধ্যে জানানো হবে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:০৩

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। 

ফেল করা শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী। তাদের পরীক্ষার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন তারিখ প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বলেন, এইচএসসি ও সমমানে ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় বসবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেওয়া হবে। এরপরই ফেল করা যেসব শিক্ষার্থী নতুন করে পরীক্ষায় বসতে চান, তাদের ফরম পূরণ শুরু হবে। প্রকাশিত গাইডলাইনে ফরম পূরণসহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। 

এবার পাস করা পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন। আর ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। 

এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। প্রকাশিত ফলাফলে পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের ৫২ দশমিক ২৫ শতাংশ ফেল করেছেন। ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ।

 

ইত্তেফাক/এনএ