ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন, ছয় দলের টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত বিসিবির

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় বড় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ফরম্যাটকে একটি কাঠামোর আওতায় এনে ছয় দলের নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালুর বিষয়ে সম্মতি দিয়েছে বোর্ড। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ২০২৬ সালের ডিসেম্বরে শুরু করার পরিকল্পনা রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জুম মিটিংয়ে অনুষ্ঠিত বিসিবির সভায় দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত নতুন কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি থাকবে।

এই প্রতিযোগিতার ছয় দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তিন দিনের ম্যাচে ম্যাচ ফি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বিসিবি।

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচসহ অন্যান্য ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ড্রেসিংরুম দুটি ঘরোয়া ও অনুশীলন ম্যাচে ব্যবহার করা হবে। আর বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনেরও অনুমোদন দিয়েছে বোর্ড।

এ ছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় পূর্বাচলের মাঠ নিয়েও আলোচনা হয়েছে।

 

ইত্তেফাক/এসএ