বরগুনার আমতলী পৌরসভার একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আসমা বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষিকা আসমা বেগম ঢাকায় অবস্থানরত তার বড় মেয়ে লুবা আক্তারের কাছ থেকে গত শনিবার গ্রামের বাড়ি আমতলীতে আসেন। ওই দিন রাতে তার শরীরে জ্বর হয়। রবিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ওই দিন সন্ধ্যায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। একদিন চিকিৎসা শেষে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসপাতালের গেটেই তার মৃত্যু হয়। এরপর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম বলেন, আসমা বেগম একজন আদর্শ শিক্ষিকা ছিলেন তিনি।
আরও পড়ুন: কুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, শিক্ষিকা আসমা বেগমের এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। তাকে যথাযথ চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইদুর রহমানের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
ইত্তেফাক/কেকে
