সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই ব্যবহার করি। কিন্তু এর বিকল্প ব্যবহার কিংবা নিজের সৃজনশীল কাজগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য কতজনই বা ব্যবহার করি? সোশ্যাল মিডিয়ার আরো কার্যকরী এবং আরো নিজের উপকারী করে ব্যবহার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘শো দ্য ক্রিয়েটিভিটি’ নামে এই অর্গানাইজেশনটি। শো দ্য ক্রিয়েটিভিটি (Show The Creativity) এমন একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে যে কেউ তার সৃজনশীল কাজগুলো সবার সামনে তুলে ধরতে পারে। যেখানে আপনি যেমন আপনার সৃজনশীল কাজগুলোকে সবার সামনে তুলে ধরতে পারবেন, ঠিক তেমনি আপনার যেকোনো কাজের প্রয়োজনে আপনিও পছন্দমতো খুঁজে নিতে পারবেন একজন সৃজনশীল ব্যক্তিকে।
সাধারণত আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিকে শুধু নিজেদের ছবি আপলোড বা বিভিন্ন পোস্ট বা চেক ইন দিতেই ব্যবহার করি। আবার অনেককেই দেখা যায়, নিজেদের সৃজনশীল কিছু কাজ যেমন :ড্রইং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কবিতা, লেখা শেয়ার করে থাকে। কিন্তু সবার কাছে আমাদের সেই কাজগুলো পৌঁছানো যায় না। আবার এমন কোনো প্লাটফর্মও নেই, যেখানে গিয়ে আমাদের সেই কাজগুলো কেউ গিয়ে দেখতে পারবে। শো দ্য ক্রিয়েটিভিটি গ্রুপ ও পেজটিতে যুক্ত রয়েছেন এমন হাজারো সৃজনশীল কর্মীরা। ফলে যে কেউ এই প্লাটফর্মটিতে যুক্ত হয়ে এখানে নিজের কাজ শেয়ার করার মাধ্যমে কাজগুলো দেখাতে পারবেন হাজার হাজার ফেসবুক ইউজারকে।
২০১৮ সালের জুলাই মাসের ২৯ তারিখ থেকে যাত্রা শুরু করা এই অর্গানাইজেশনটি মাত্র কয় মাসেই অনলাইন মাধ্যমে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। কথা হয় ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আর কে সোহানের সঙ্গে। তিনি বলেন, ‘সবার গ্রহণযোগ্যতা, সহযোগিতা এবং টিমের সদস্যদের কঠোর পরিশ্রম আমাদের এত অল্প সময়ে এতদূর আসতে সাহায্য করেছে। বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা রয়েছে, তারা সব দিক থেকেই সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে।’ শো দ্য ক্রিয়েটভিটি এখন শুধু অনলাইনেই নয়, কাজ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ফেসবুকের যথাযথ ব্যবহার ও এর উপকারী ও অপকারী দিক, শিক্ষার্থীদের সৃজনশীল করতে, এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কার্যকরী দিক নিয়ে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ চালিয়ে যাচ্ছে শো দ্য ক্রিয়েটিভিটি। এরমধ্যে ঢাকা, রাজশাহী, এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজে শো দ্য ক্রিয়েটভিটি তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। ৬ জন গ্রাফিক্স ডিজাইনার এবং ২ জন আর্টিস্টকে পড়াশোনার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছে শো দ্য ক্রিয়েটভিটি।
