উবার-পাঠাও যাত্রীর ওপর ভ্যাট নয়

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৪১

উবার-পাঠাওয়ের মতো সব ধরনের অনলাইন রাইড শেয়ারিং সেবায় যাত্রী কিংবা চালকের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ হবে না। ভ্যাট পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে। বর্তমানে রাইড শেয়ারিং সেবার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। এই অর্থ কে পরিশোধ করবে—তা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়। তাতে বলা হয়, ভ্যাট যাত্রী কিংবা চালকের ওপর আরোপ করা যাবে না।

অবশ্য কোম্পানির ওপর ভ্যাট আরোপ করা হলেও এক্ষেত্রে সেবার মূল্য নির্ধারণে কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় তা শেষ পর্যন্ত পরোক্ষ উপায়ে যাত্রীর কাঁধেই পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করলে কোম্পানিগুলোর মুনাফা হয়তো কিছুটা কমতে পারে। মুনাফা ঠিক রাখতে তারা সেবার মূল্য বাড়িয়ে দিতে পারে। ফলে তা ঘুরেফিরে যাত্রীর ওপরই পড়তে পারে। বরং এ ধরনের সেবার ওপর ভ্যাট আরোপ নিয়েই প্রশ্ন তুলেছেন তারা।

এনবিআরের ব্যাখ্যায় বলা হয়, রাইড শেয়ারিং অর্থ কোনো ইন্টারনেট বা ওয়েব বা অনলাইন প্লাটফর্ম বা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিমালিকাধীন মোটরযানের মাধ্যমে যাত্রী পরিবহন করলে তা রাইডশেয়ারিং বলে গণ্য হবে এবং সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। গাড়িচালক যাত্রীর কাছ থেকে যে ভাড়া আদায় করেন তার একটি অংশ মোবাইল অ্যাপসভিত্তিক সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান পায়। এক্ষেত্রে ভ্যাট আইনের বিধান অনুযায়ী সব ধরনের বাহনের চালকের দেওয়া সেবা ব্যক্তিগত সেবা হিসেবে ভ্যাট অব্যাহতি সুবিধা ভোগ করে। তাই গাড়িচালক সেবার বিপরীতে যে অর্থ নিয়ে থাকেন তা ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। অর্থাত্ যাত্রীসেবার বিপরীতে মোবাইল অ্যাপসভিত্তিক প্রতিষ্ঠান যে অর্থ পায়, সেটি ভ্যাটযোগ্য।