প্রথম বাংলাদেশি দল হিসেবে এএফসি কাপের নকআউট পর্ব নিশ্চিত করে ইতিহাস আগেই গড়েছিল আবাহনী। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জোনাল সেমিফাইনালে উত্তর কোরীয় ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভ-এর বিপক্ষেও জিতে সেটা আরো একধাপ এগিয়ে নিতে চান দলটির কোচ মারিও লেমোস। আলায়েলদিন ইসা ও মামুনুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে না পেলেও পর্তুগিজ কোচের বিশ্বাস, তাদের জায়গায় নামা খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন।
এএফসি কাপের শুরুর ম্যাচে মানাং মারসিয়াংদীর মুখোমুখি হবার আগে আবাহনী কোচ নকআউটে খেলা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন? জানিয়েছিলেন প্রথম বাংলাদেশি দল হিসেবে জোনাল সেমিফাইনালে দেখতে চান দলকে। সে আত্মবিশ্বাসের বীজ ছড়িয়ে দিয়েছিলেন দলের মাঝেও। আবাহনীর ইতিহাস গড়াতে বড়ো ভূমিকা ছিল তারই। এবার উত্তর কোরিয় প্রতিপক্ষ এপ্রিল ২৫ এর বিপক্ষেও সে আত্মবিশ্বাসের বলেই বলীয়ান লেমোস।
তবে কাজটা মোটেও সহজ হতে দেবে না উত্তর কোরিয় দলটি। শেষবারের আসরে ইন্টার জোনাল ফাইনালে খেলা দলটি শেষ দুই বছরে ঘরের মাঠে হারেনি একটি ম্যাচেও। তার ওপর উত্তর কোরিয়া জাতীয় দলের চারজন খেলোয়াড় নিয়ে এসেছে তারা।
তারপরও আশাবাদী আবাহনী কোচ। জানালেন, প্রতিপক্ষ কঠিন হলেও জয় ছাড়া কিছু ভাবছে না তার দল। গতকাল বাফুফে ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লেমোস বলেন, ‘লিগ শেষ হবার পর থেকেই ম্যাচটির জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি কালকের ম্যাচে সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামতে পারবো। জানি ম্যাচটা সহজ হবে না, তবুও আমরা দলের সমর্থকদের, দেশীয় ফুটবল সমর্থকদেরকে গর্বিত করতে চাই। ম্যাচটা জেতার লক্ষ্যেই আমরা মাঠে নামবো।’
চলতি আসরে গ্রুপপর্বে দলের রক্ষণে অন্যতম ভরসা ছিলেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। ছয় ম্যাচে তিন গোলের পরিসংখ্যান জানান দেয়, দলের প্রয়োজনে প্রতিপক্ষ রক্ষণেও ত্রাস ছড়াতে পটু তিনি। এমন একজন খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি আবাহনী। অগত্যা তার বদলি খেলোয়াড় হিসেবে মিসর থেকে ইসা আলায়েলদিনকে উড়িয়ে এনেছিল দলটি।
কিন্তু দিনচারেক আগে এএফসির চিঠির বরাতে জানতে পারে টিসি স্পোর্টসের হয়ে এএফসি কাপে খেলা আগের ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন ইসা, যার ফলে এপ্রিল ২৫ এর বিপক্ষে আজ তাকে পাচ্ছে না আবাহনী। এদিকে মিডফিল্ডার মামুনুল ইসলামও কাফ ইনজুরির কারণে খেলতে পারবেন না আজ। সন্দেহ কাটেনি ২৮ আগস্টের অ্যাওয়ে ম্যাচ নিয়েও।
লেমোসের বিশ্বাস গুরুত্বপূর্ণ দুইজনের বদলি হিসেবে আসা খেলোয়াড়রাও ভালো কিছুই উপহার দেবেন, ‘এটা অনেক বড়ো ম্যাচ। এমন ম্যাচে খেলার জন্য বাড়তি অনুপ্রেরণা কাজ করে সবারই। আশা করি মামুনুল ও ইসার বদলে আসা খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে এবং ভালো নৈপুণ্য উপহার দেবে।’
নব্বইয়ের দশকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে বাংলাদেশে দুটি ম্যাচ খেলেছিল এপ্রিল। দুটি ম্যাচের কোনোটি থেকেই জয় নিয়ে ফিরতে পারেনি কোরিয় দলটি। আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু জানালেন চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন ইতিহাস উজ্জীবিত করবে দলটিকে?
এদিকে এপ্রিল ২৫ কোচ ও য়ুন সন জানালেন আবাহনী সম্পর্কে খুব বেশি জানাশোনা নেই তার। সেটা বাড়াতে কিছু ইউটিউব ভিডিও ছাড়া আর কিছুই অবলম্বন হিসেবে পাননি তিনি। তবে নিজেদের শক্তি-সামর্থ্যে ভরসা করে জানান, আজকের ম্যাচে জয়ের জন্যেই মাঠে নামবে তার দল।
