ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নারী নাকি পুরুষ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি আনুমানিক ১৬ বছর বয়সী কোনো কিশোরের মরদেহ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন।
এসআই কামাল হোসেন বলেন, মরদেহটির পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে অর্ধগলিত হয়ে যাওয়ায় পোশাকের রং বোঝা সম্ভব হচ্ছে না। মাথার অংশ কঙ্কালে পরিণত হয়েছে। কপালের অংশে ফাটার চিহ্নও রয়েছে।
তিনি বলেন, আঘাতের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরের অন্যান্য অংশও অর্ধগলিত অবস্থায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রশি ও চুল উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
