গ্রেফতার এড়াতে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে কোনো সুরক্ষা নয়, আইএনএক্স মিডিয়া মামলায় নির্দেশ আদালতের। এর আগে এ মামলায় আগাম জামিনের আবেদন করেন মন্ত্রী। যা এদিন নাকচ হয়ে গেল। আইএনএক্স মিডিয়া মামলায় ৩০৫ কোটি টাকার নয়ছয় কাণ্ডে নাম জড়ায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। তার গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। তাই আগেই আগাম জামিনের আবেদন করেছিলেন চিদাম্বরম।
এ মামলায় অন্যতম অভিযুক্ত তার পুত্র কার্তি চিদাম্বরমও। তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা। এ ঘটনার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার, তার অর্থমন্ত্রী ছিলেন চিদাম্বরম। আইএনএক্স মামলায় টিভি চ্যানেলকে অবৈধভাবে সরকারি ছাড়পত্র পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে। গত বছর ২৩ দিন তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেই সময় ঐ টিভি চ্যানেলটি কিনেছিলেন পিটার ও ইন্দ্রানী মুখোপাধ্যায়। বর্তমানে তারা জেলে। শিনা বোরা হত্যাকাণ্ডে তারা অভিযুক্ত। পিটার ও ইন্দ্রানী উভয়ই পি চিদাম্বরম ও তার ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। সিবিআই এ মামলায় এফআইআর করেছিল কার্তি চিদাম্বরম, তার কোম্পানি চেস ম্যানেজমেন্ট সার্ভিসেস, পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রানী মুখোপাধ্যায়, আইএনএক্স মিডিয়া, অ্যাডভান্টেজ স্ট্রাটেজিক কনসাল্টিং সার্ভিসেস ও পদ্মা বিশ্বনাথনের বিরুদ্ধে।
