সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাতব্য দৌড় প্রতিযোগিতা ‘রান ফর চ্যারিটি: মিনিংফুল ম্যারাথন ২.০’-এর আয়োজন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ দৌড়বিদ অংশ নেন।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বৈশ্বিক উদ্যোগ ‘গিভিং ফর গুড মান্থ’-এর অংশ হিসেবে এই ম্যারাথনের দ্বিতীয় আসর আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে আয়োজিত এই আয়োজনে অংশ নেন হোটেলের কর্মী, করপোরেট সহযোগী, সাধারণ নাগরিক এবং পেশাদার দৌড়বিদরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিয়ে উৎসাহ জোগান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ক্রাউন প্লাজা ঢাকা গুলশান প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়ে নির্ধারিত ৫ কিলোমিটার পথ অতিক্রম শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়। এ আয়োজনের অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী এক হাজার ৫০০ টাকা করে নিবন্ধন ফি প্রদান করেন। এতে সংগৃহীত প্রায় তিন লাখ টাকার পুরো অর্থই সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ (মজার স্কুল)-এর তহবিলে অনুদান হিসেবে দেওয়া হয়।
আয়োজন প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে বলেন, একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ যখন একত্রিত হয়, তখন সমাজে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব—এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। শিশুদের কল্যাণে পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রতিটি অংশগ্রহণকারী, সহযোগী প্রতিষ্ঠান ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই আয়োজনে প্রাইম পার্টনার হিসেবে ছিল লেটেস্ট গার্মেন্টস ও গাড়িবাজার। এছাড়া টি-শার্ট পার্টনার ছিল জেডএক্সওয়াই ও সেভেনস্ট্রিমস, এয়ারলাইন পার্টনার এয়ার অ্যাস্ট্রা, বেভারেজ পার্টনার সানকুইক, হাইড্রেশন পার্টনার এসএমসি এবং আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত ছিল পোলার আইসক্রিম।
অংশীদারিত্ব নিয়ে লেটেস্ট গার্মেন্টস ও গাড়িবাজার যৌথ বিবৃতিতে জানায়, শিশুদের কল্যাণে ও একটি অর্থপূর্ণ সামাজিক উদ্যোগে যুক্ত হতে পেরে তারা গর্বিত। টি-শার্ট পার্টনার জেডএক্সওয়াই ও সেভেনস্ট্রিমস জানায়, শারীরিক সক্রিয়তা ও সামাজিক দায়বদ্ধতার এমন সুন্দর মেলবন্ধনে অবদান রাখতে পেরে তারা আনন্দিত। এয়ার অ্যাস্ট্রার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) মেসবাহুল ইসলাম বলেন, সহানুভূতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে। এমন মহৎ উদ্যোগের অংশ হতে পারা গর্বের বিষয়।
ম্যারাথনে অংশ নেওয়া সব দৌড়বিদকে স্মারক পদক, টি-শার্ট এবং সনদপত্র প্রদান করা হয়। দৌড় শেষে হোটেল প্রাঙ্গণে তাদের জন্য রিফ্রেশিং বুফে প্রাতঃরাশের ব্যবস্থা ছিল। পাশাপাশি প্রতিযোগিতায় সেরা পাঁচ ফিনিশারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে সফলভাবে প্রথম আসর আয়োজনের পর এবার দ্বিতীয়বারের মতো ‘মিনিংফুল ম্যারাথন ২.০’ আয়োজন করল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। এই উদ্যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করল প্রতিষ্ঠানটি।
