পারমিটের বেশি সময় মার্কিন ভূখণ্ডে অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, একটি ইউ.এস. ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। কেউ যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা ভিসাধারীর দায়িত্ব বলেও ওই ফেসবুক পোস্টে জানানো হয়।
