গাজীপুরের শ্রীপুরে পৌরসভার পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় বদু মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে শ্রীপুর পৌর এলাকার গরুহাটা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বদু মুন্সী শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুর পৌরসভার উদ্যোগে গরুহাটায় পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে একটি এস্কেভেটর দিয়ে মাঠ ও আশপাশের এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা, ময়লা-আবর্জনা ও অব্যবস্থাপনায় থাকা ময়লা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় সেখানে থাকা কৌতূহলী বদু মুন্সী হঠাৎ এস্কেভেটরের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত তাকে এস্কেভেটরের নিচ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে ভারি যন্ত্রপাতি ব্যবহারের সময় আশপাশে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কাজ করছিল পৌরসভার লোকজন। এদিকে, পৌরসভার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের সময় কীভাবে ওই বৃদ্ধ এস্কেভেটরের চাপায় পড়লো তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে জানান, উচ্ছেদ অভিযানের বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আমাদেরকে কিছুই জানাননি।
