প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসী কল্যাণ ভবনে তিন দিনব্যাপী ‘শ্রম কল্যাণ সম্মেলন ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন শ্রমবাজার অনুসন্ধান ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে। নিয়মিতভাবে নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করা গেলে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হবে। সরকার দক্ষ জনশক্তি তৈরিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, প্রবাসী কর্মীরা রেমিট্যান্স, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী কর্মীরা যাতে দ্রুততম সময়ে সহজ পদ্ধতিতে সেবা পায় সে ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগী দেশ অনেক। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সফলতার সঙ্গে টিকে আছে।
প্রবাসী কল্যাণ সচিব রৌনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়েশা ফেরদৌস এমপি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
উল্লেখ্য এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬টি দেশের ২৯টি মিশনের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিবরা (শ্রম) উপস্থিত ছিলেন।
