মশা নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২০

এডিস মশার উত্পত্তিস্থল ধ্বংস করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ‘সাব-ব্লক’ ভিত্তিতে চিরুনি অভিযান শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কে ডিএনসিসির এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। ‘এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ বা ‘চিরুনি অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এডিস মশা নির্মূলের লক্ষ্যে ডিএনসিসি পরীক্ষামূলকভাবে ১৯ নম্বর ওয়ার্ডে ‘চিরুনি অভিযান’ শুরু করে। এই অভিযান পরিচালনার জন্য ডিএনসিসির এই ওয়ার্ডকে ১০টি ব্লকে ভাগ করা হয়েছে। এগুলোকে আরো ১০টি সাব-ব্লকে ভাগ করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ জন্য প্রতিদিন একটি ব্লকের ১০টি সাব-ব্লকের সব বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, খোলা জায়গা পরিষ্কার ও এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে।

পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে গুলশানের এক নম্বর সড়কের প্রথম বাড়ি জে এল ভবনে যান পরিচ্ছন্নতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এটি একটি বাণিজ্যিক ভবন। এখানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ভবনের ছাদে একটি পাত্রে জমানো পানিতে মশার লার্ভা দেখা যায়। মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাণিজ্যিক এ ভবনের দায়িত্বরত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

মেয়র বলেন, প্রতিদিন সকালে আড়াই ঘণ্টা এই অভিযান চলবে। ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। এরপর নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডে এ কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, গুলশান সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও ডা. ফজলে রাব্বী পার্কে আসা লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর গুলশান শুটিং ক্লাব মোড় থেকে গুলশান এক নম্বর গোল চত্বর পর্যন্ত সড়কের উভয় পাশের বিভিন্ন সড়কের বাড়িগুলোয় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ভাগ হয়ে কাজ শুরু করেন।