পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের শিক্ষকদের প্রশিক্ষণ দিলো অক্সফোর্ডএকিউএ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৩

বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক জিসিএসই (আইজিসিএসই) পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে অক্সফোর্ডএকিউএ (OxfordAQA)। রাজধানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন।

প্রশিক্ষণে আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞানের প্রধান পরীক্ষক রজার উড এবং আন্তর্জাতিক জিসিএসই জীববিজ্ঞানের পরীক্ষক পরিষদের চেয়ারম্যান মিশেল ওল্ডফিল্ড প্রশিক্ষক হিসেবে অংশ নেন। তাঁরা আন্তর্জাতিক জিসিএসই পর্যায়ে কার্যকর পাঠদান কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও ফলপ্রসূ করার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।

কর্মসূচিতে আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অক্সফোর্ডএকিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা।

তিনি বলেন, “শিক্ষকদের প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ, প্রশিক্ষণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করাই আমাদের লক্ষ্য। পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতেও আমরা শিক্ষকদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অক্সফোর্ডএকিউএ জানিয়েছে, বাংলাদেশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও সম্প্রসারিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী মাসগুলোতে বিভিন্ন বিষয়ের ওপর ধারাবাহিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা আন্তর্জাতিক কারিকুলাম পাঠদানের ক্ষেত্রে নিজেদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়ানোর সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অক্সফোর্ডএকিউএ হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস—যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ—এবং একিউএর অংশীদারত্বে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক কারিকুলাম ও পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান। একিউএ যুক্তরাজ্যের জিসিএসই ও এ-লেভেল পরীক্ষার অন্যতম বৃহত্তম বোর্ড। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অক্সফোর্ডএকিউএ আন্তর্জাতিক মানের পরীক্ষা পরিচালনা করে।

ইত্তেফাক/এএইচপি