কুমিল্লার ১৮টি থানা এলাকায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।
কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের সম্ভাব্য আড্ডাস্থল, তৎপরতা রয়েছে এমন পয়েন্ট এবং চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোয় সমন্বিতভাবে তল্লাশি চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ৪১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
এর আগে কুমিল্লায় গত বুধ ও শনিবার রাতে একই ধরনের বিশেষ অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৮১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
