মিরসরাই

অস্ত্রের মুখে জিম্মি করে জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে এক সেচ্ছাসেবক দল নেতার ১০.৯০ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলার কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সাইদুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মো. হানিফ ১০ নং মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

ভুক্তভোগী মো. শহীদুল্লাহ বলেন, মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হানিফ সম্পর্কে আমার ভায়রা হয়। আমাদের পারবারিক সম্পত্তির পাশে একসময় হানিফের শ্বশুরের সম্পত্তি ছিলো। সেই সম্পত্তি ২০০৪ সালে জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন হানিফের স্ত্রী রাশেদা আক্তার ও পরিবারের অন্যান্য সদস্যরা। জমি ক্রেতা জসিম সেই জমিতে বর্তমানে ভোগ দখলে রয়েছেন। জসিমের কাছে জমি বিক্রি করার পরও উক্ত জমি ২০২৫ সালের ১ নভেম্বর রাশেদা আক্তার ও তার ভাই মোস্তফার নামে খতিয়ান সৃজন করা হয়। 

তিনি বলেন, যুবদল নেতা হানিফ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত জমির নামজারি করেন এবং নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের জমি দখল করেন।

মো. শহীদুল্লাহ আরও বলেন, জমি দখলের বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। থানা থেকে পুলিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইলে হানিফ নির্দেশনা না মেনে চলে যায়।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. হানিফ বলেন, শহীদুল্লাহর অভিযোগ মিথ্যা ও বনোয়াট। তিন বছর আগে এ জায়গা আমি মাটি ভরাট করেছি। শহীদুল্লাহদের জায়গা কোথায় তারা নিজেরাও জানে না। এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

 
ইত্তেফাক/এমএসআর