সড়কে আরো সাত জনের প্রাণহানি

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:০৭

প্রবাস ফেরত দুই সহোদর ও শ্যালক-দুলাভাইসহ গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার দেবীদ্বারে ফেনীর প্রবাস ফেরত দুই ভাই, চট্টগ্রামের পটিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই,  চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক এবং মানিকগঞ্জ ও টঙ্গীতে দুই শিশু নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

দেবীদ্বার(কুমিল্লা):উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ এলাকায় মঙ্গলবার সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃজেলা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় প্রবাস ফেরত দুই ভাই নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিন জন আহত হয়। নিহতরা হলো—ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম অলোকা মাস্টার বাড়ির মো. সালেহ আহমেদ (৭০) ও আ. মালেক (৬০)। আহতরা মৃত আবদুল মালেকের দুই ছেলে তাহসিন ও তাহমিদ এবং মেয়ে ফাতিন।

পটিয়া (চট্টগ্রাম):উপজেলার আমজুরহাট এলাকায় সোমবার রাতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলেন—পটিয়া পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ডা. শাহাজাহান ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাগজীপাড়া এলাকার জহির আহম্মদের পুত্র ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম আরজু। এরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। এ দিকে, এই ঘটনার পর মহাসড়কের ৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম:নগরীর দেওয়ানহাট এলাকায় মঙ্গলবার দুপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে রতন কুমার দেবনাথ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। নিহত রতন ফেনীর চৌমুহনীর বালুচরা এলাকার তরুণ কুমার দেবনাথের পুত্র।

মানিকগঞ্জ: মঙ্গলবার সকাল মানিকগঞ্জে মাইক্রোবাস চাপায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রাফি আহমেদ সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে          এবং স্থানীয় লেমুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

টঙ্গী (গাজীপুর):টঙ্গীর পাগাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় ঝুমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী রক্তাক্ত শিশুটিকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ঝুমা নেত্রকোনা জেলার আটপাড়া থানার লক্ষ্মীপুর কান্দাপাড়া গ্রামের মো. তরিকুল ইসলামের মেয়ে।