শিক্ষা অফিসে ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:১২

পাবনার সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলাউল হোসেন ও আরিফুল ইসলামসহ কয়েকজনের ফেসবুক আইডিতে সোমবার রাতে ঘুষ গ্রহণের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী গোলজার হোসেনকে কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি ঘুষের টাকা প্রদান করছেন। তিনি টাকা টেবিলের নিচে নিয়ে গুনে তা প্যান্টের পকেটে রাখছেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকেই ভিডিওটি অনেকেই শেয়ার ও লাইক করছেন, কমেন্টেও বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার সহকারী শিক্ষা অফিসারগণ জানান, উপজেলার ১৭৮টি বিদ্যালয়ের মধ্যে ১৭৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে বিল তৈরি বাবদ জোরপূর্বক উচ্চমান সহকারীর মাধ্যমে শিক্ষা অফিসার বরাদ্দের ৮ থেকে ১০ ভাগ টাকা ঘুষ গ্রহণ করেছেন। সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হাটবাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেনসহ অনেকেই বলেন, ‘সরকার প্রদত্ত স্কুলের উন্নয়ন কাজের বিল গ্রহণে অগ্রিম ঘুষ প্রদানে আমাদের বাধ্য করা হচ্ছে। ঘুষের টাকা পরিশোধ না করলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।’