নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২৩:২৪

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপস (উভচর অবতরণকারী সামরিক ইউনিট) মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক শক্তি ইরানের আশপাশে অবস্থান নেবে বলে আল-জাজিরাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। 

গণমাধ্যমটির লাইভ প্রতিবেদনে বৃহস্পতিবার (১ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট তার স্ট্রাইক গ্রুপ নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। এ ছাড়া মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও সোমবার সান ডিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ইউনিটের সঙ্গে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।

ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি উভচর অবতরণকারী সামরিক ইউনিট অবস্থান করবে।

মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করতে পারলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। সাম্প্রতিক সময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএসআর