নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০:৪০

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এছাড়া মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।

 
ইত্তেফাক/এসজে