নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের মামলায় গ্রেফতার হওয়া এফ আর টাওয়ারের মালিক ফারুক হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার দুপুরে দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক নেতৃত্বে একটি টিম গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর দুদকের প্রধান কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, ফারুকের পক্ষে আইনজীবী মো. বাহারউদ্দিন জামিনের আবেদন করেন। অপর দিকে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় আগামী ২৯ আগস্ট পর্যন্ত তাকে জামিনের আদেশ দেন।
দুদক সূত্র জানায়, গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। এতে নিহত হন ২৭ জন। দুর্ঘটনার পরপরই ভবনের নকশা দুর্নীতির ব্যাপারে অনুসন্ধানে নামে দুদক। এর ধারাবাহিকতায় গত ২৫ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ থেকে ২৩তলা ভবন নির্মাণের অভিযোগে এফ আর টাওয়ার মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যান এবং রূপায়ন গ্রুপের চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করে দুদক।
