পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বাংলাদেশকে চিনতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ সম্পর্কে জানতে হবে। আইজিপি গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং তাঁর রচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা। বিচারকদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু মো. দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
পুলিশ প্রধান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আপনার জনগণের পুলিশ’। আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই বাংলাদেশ পুলিশকে পরিচালনা করছি। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
ডিএমপি কমিশনার বলেন, প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ শুধু ৭১ ও ৭৫ সালেই নয়, এখনো জীবন বাজি রেখে দেশ রক্ষায় কাজ করছে।
র্যাবের মহাপরিচালক বলেন, বাংলাদেশের জাতিসত্তা ও বঙ্গবন্ধুকে আলাদা করা যায় না। যতদিন এ দেশ থাকবে, এ জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে।
