যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে মারধর: জামিন বাতিলের পর কারাগারে ডা. রাসেল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসক রাসেল মোরশেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সিদ্দিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর আগে এদিন মামলার শুনানি উপলক্ষে বাদী ডা. ফারহা করিম ও আসামি রাসেল মোরশেদ আদালতে হাজির হন। পরে বাদীপক্ষের আইনজীবী মাহমুদা বেগম আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, রাসেল মোরশেদ আপসের শর্তে জামিন নেন। তবে আপস করেননি বরং জামিনের পর বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ফলে তিনি বাইরে থাকলে বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাসেল মোরশেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে সোমবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আরিফুল ইসলাম। এ কারণে আগামী ২৭ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সিদ্দিকুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, প্রায় ১৪ বছর আগে ফারহা করিম ও রাসেল মোরশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেল যৌতুকের দাবিতে ফারহা করিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তাদের দুইটি মেয়ে সন্তান রয়েছে। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর অত্যাচার সহ্য করেও সংসার করছিলেন ফারহা।

ফারহা মামলায় আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার রাসেলের বাবা-মা ও আত্মীয়স্বজনকে জানানো হলেও তারা রাসেলকে কোনো ধরনের শাসন করেননি।

রাসেল পরকীয়ায় আসক্ত বলেও মামলায় অভিযোগ করেন ফারহা। তার দাবি, স্বামী মেয়েদের কোনো খোঁজখবর রাখেন না। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ১৮ নম্বর বাসায় রাসেল তার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাসেল ক্ষিপ্ত হয়ে ফারহাকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। একপর্যায়ে তিনি হত্যার উদ্দেশ্যে ফারহার মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। ফারহা তা ফেরানোর চেষ্টা করলে বাটামের আঘাত লেগে তার বাম হাতের হাড় ভেঙে যায়। এছাড়া রাসেল তাকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

ইত্তেফাক/এমএসআর