বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৪:০৭

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার ইটাহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (৩২) বরিশালের বড়গাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন নামের একটি কারখানার অপারেটর ছিলেন।

বাসন থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী জানান, সোহেল রানা স্বপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন। ভোর ৬টার দিকে রাতের ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় বাইসাইকেলটি পৌঁছলে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল রানা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি