বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষাপ্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এরপর সিএএস-টিডব্লিউএএস প্রেসিডেন্টস ফেলোশিপ অ্যাওয়ার্ডের আওতায় চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে ২০২৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তার ১১টি গবেষণাপত্র দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
২০২৫ সালে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগতি ঘটে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়াতে তার উদ্যোগে রামু গ্রন্থমেলার আয়োজন করা হয়। এ ছাড়া প্রায় আট হাজার বই নিয়ে একটি আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।
তার নেতৃত্বে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, ক্রীড়া, স্কাউট ও বিতর্কসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ, শিক্ষাপ্রশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়।
