নিউইয়র্ক সিটির মার্বেল হিল এলাকায় গাড়িতে থাকা এক পাঁচ বছরের শিশুর সামনেই এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর পুলিশ কর্মকর্তা। শুক্রবার (৯ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রাথমিক তথ্যের বরাতে জানান, আইস এজেন্টরা গাড়িটিকে ঘিরে ধরে একাধিক গুলি চালায়। তবে গাড়ির ভেতরে থাকা পাঁচ বছরের শিশুটি শারীরিকভাবে অক্ষত রয়েছে বলে তিনি জানান।
মেয়র এই ঘটনাকে বিবেকহীন ও গুরুতর পরিস্থিতি হিসেবে উল্লেখ করে জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন এবং নিউইয়র্ক শহরে আইসের সকল ধরনের প্রয়োগমূলক কার্যক্রম বন্ধের দাবি জানাবেন।
এদিকে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ডোমিনিকান প্রজাতন্ত্রের এক অপরাধী নাগরিককে গ্রেপ্তারে ব্রঙ্কসে বিশেষ অভিযান চালানোর সময় আইস এজেন্ট গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে জীবিত রয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডিএইচএস দাবি করেছে, ওই ব্যক্তির অপরাধের রেকর্ড এবং গ্যাং বা অপরাধী চক্রের সঙ্গে যোগসূত্র ছিল, যদিও কোনো প্রমাণ বা তার পরিচয় উপস্থাপন করা হয়নি। এর আগেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এজেন্টদের বিরুদ্ধে অভিবাসীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগ এবং পরবর্তী সময়ে তাদের গ্যাং সদস্য হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
